কলকাতা টাইমস নিউজ  :নিজস্ব সংবাদদাতা :কলকাতা :২০ ডিসেম্বর

মেদিনীপুরের বুকে পাঁচ বছর আগে ঘটে যাওয়া এক মর্মান্তিক হত্যাকাণ্ডের বিচার শেষ হল অবশেষে। বহু প্রতীক্ষার পর শুক্রবার মেদিনীপুর জেলা আদালত জানিয়ে দিল রায়—বাবাকে কুপিয়ে খুনের দায়ে দোষী অশোক ওঝাকে যাবজ্জীবন কারাদণ্ড। সেই সঙ্গে আদালত পাঁচ লক্ষ টাকার ক্ষতিপূরণেরও নির্দেশ দিয়েছে।

আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ৮ মে গড়বেতা থানার বিলা গ্রামে ঘটে এই হৃদয়বিদারক ঘটনা। মৃত সত্যসাধন ওঝা ও তাঁর ছেলে অশোক ওঝার মধ্যে পারিবারিক কারণে অশান্তি ছিল দীর্ঘদিনের। ওই দিনের উত্তেজনা আচমকাই চরমে পৌঁছয়। ক্ষিপ্ত অশোক ঘরে রাখা ধারালো অস্ত্র হাতে নিয়ে বাবার মাথায় একাধিক বার আঘাত করে। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন সত্যসাধন।

তড়িঘড়ি তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। এই নৃশংস ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছিল গোটা এলাকায়। পরিবারের অভিযোগের ভিত্তিতে সেদিনই অশোককে গ্রেপ্তার করে পুলিশ।

ঘটনার পর থেকেই অশোক জেল হেফাজতেই ছিল। পুলিশ ৯০ দিনের মধ্যে চার্জশিট পেশ করে। ২০২৪ সালে চার্জ ফ্রেম গঠিত হয়। মামলায় মোট ১৩ জন সাক্ষীর বয়ান গ্রহণ করেন বিচারক। সব দিক বিবেচনার পর বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিচারক অশোককে দোষী সাব্যস্ত করেন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক উদয় রানা সাজা ঘোষণা করেন—আজীবন কারাবাস।

এদিন বিকেলে সরকারি আইনজীবী দেবাশিস মাইতি জানান, “পুলিশ অত্যন্ত দ্রুততার সঙ্গে তদন্ত শেষ করেছে। আদালত যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করেছেন। পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণও ধার্য করা হয়েছে।”

স্থানীয় বাসিন্দাদের বক্তব্য—এই ঘটনার পর দীর্ঘদিন গ্রামজুড়ে আতঙ্ক ও শোকের পরিবেশ তৈরি হয়েছিল। প্রায় পাঁচ বছর পরে দোষীকে শাস্তি দেওয়ায় তাঁরা বিচার পেয়েছেন বলে মনে করছেন। তাঁদের কথায়, “বাবাকে এভাবে খুন করার মতো অপরাধের শাস্তি হওয়াই উচিত ছিল। আমরা সন্তুষ্ট।”