নিজস্ব সংবাদদাতা | কলকাতা টাইমস নিউজ
পশ্চিম মেদিনীপুর:

অন্নপূর্ণা যোজনার আর্থিক অনুদান ব্যাঙ্ক অ্যাকাউন্টে না পৌঁছনোর অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর বিধানসভা এলাকার পাঁচবেড়িয়া গ্রাম পঞ্চায়েত। শুক্রবার সকালে বিপুল সংখ্যক মহিলা পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভে সামিল হন। তাঁদের অভিযোগ, সরকারি নির্দেশ মেনে অনলাইনে আবেদনপত্র পূরণ করার পাশাপাশি প্রয়োজনীয় নথি ও রিসিভ কপিও সংশ্লিষ্ট পঞ্চায়েত অফিসে জমা দেওয়া হয়েছে। তবুও এখনও পর্যন্ত তাঁদের অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা জমা পড়েনি।

বিক্ষোভকারী মহিলাদের দাবি, একই এলাকার বহু উপভোক্তার অ্যাকাউন্টে ইতিমধ্যেই প্রকল্পের অর্থ পৌঁছে গেলেও, অনেক প্রকৃত আবেদনকারী এখনও সেই সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। কেন এই বৈষম্য এবং বিলম্ব, তার স্পষ্ট ব্যাখ্যা প্রশাসনের কাছ থেকে দাবি করেন তাঁরা।

অভিযোগের তির ঘুরে যায় দাসপুর ব্লক প্রশাসনের দিকেও। ক্ষুব্ধ মহিলারা বিষয়টি দ্রুত সমাধানের দাবিতে দীর্ঘক্ষণ পঞ্চায়েত অফিসের সামনে অবস্থান ও বিক্ষোভ চালিয়ে যান। বিক্ষোভের জেরে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় দাসপুর থানার পুলিশ। পুলিশ ও প্রশাসনের প্রতিনিধিরা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের অভিযোগ দ্রুত খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এরপর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয় এবং বিক্ষোভকারীরা অবরোধ প্রত্যাহার করেন।

তবে বিক্ষোভকারী মহিলাদের স্পষ্ট বক্তব্য, যতদিন পর্যন্ত অন্নপূর্ণা যোজনার বকেয়া অর্থ তাঁদের অ্যাকাউন্টে জমা না পড়ছে, ততদিন তাঁরা প্রশাসনের উপর নজর রাখবেন এবং প্রয়োজনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা। প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।