কলকাতা টাইমস নিউজ  : নিউজ ডেস্ক  : কলকাতা :১৪ জানুয়ারি ২০২৬

কথায় আছে— ‘মাঘের শীত বাঘের গায়ে’। মকর সংক্রান্তির রাত পোহালেই শুরু হচ্ছে মাঘ মাস, আর সেই সঙ্গেই বাংলায় ফিরতে চলেছে জাঁকিয়ে ঠান্ডার আমেজ। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বুধবার রাতের পর থেকেই রাজ্যজুড়ে তাপমাত্রা আরও নামতে পারে। আগামী ১৫ থেকে ১৯ জানুয়ারি—এই সময়টাকে চিহ্নিত করা হয়েছে শীতের সবচেয়ে জোরালো স্পেল হিসেবে। ইঙ্গিত স্পষ্ট—সরস্বতী পুজোর দিন পর্যন্ত ঠান্ডা বেশ ভালোই টের পাওয়া যাবে।

আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, জানুয়ারির শেষভাগ পর্যন্ত ভোর ও রাতের দিকে শীতের কামড় বজায় থাকবে। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে ধীরে ধীরে শীত বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে।

কলকাতায় মঙ্গলবার রাতে সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বেড়ে ১৩.৭° সেলসিয়াস হয়েছে (সোমবার ছিল ১৩.৩°)। তবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা একটু কমে ২৩.৩° সেলসিয়াসে নেমেছে। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা ১২ থেকে ২৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করতে পারে।

বুধবার বিকেলের পর থেকে ‘উত্তুরে হাওয়া’ জোরদার হলে রাতের তাপমাত্রা আরও নামার সম্ভাবনা রয়েছে। ফলে রাত ও ভোরে কনকনে ঠান্ডা অনুভূত হবে।

শুধু ঠান্ডাই নয়, রাজ্যের বিভিন্ন জেলায় কুয়াশার প্রভাবও বাড়বে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে আগামী দু’দিনের জন্য ঘন কুয়াশার সতর্কতা জারি হয়েছে। দৃশ্যমানতা কমে যেতে পারে, কোথাও কোথাও ৫০-১০০ মিটারের আশপাশে নামার আশঙ্কা।

দক্ষিণবঙ্গেও বৃহস্পতিবার ও শুক্রবার ভোরে কুয়াশা ঘন হতে পারে। কিছু এলাকায় দেরি পর্যন্ত কুয়াশা কাটতে সময় লাগবে। তবে বেলা বাড়লে আকাশ পরিষ্কার হবে।

উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় শীতের দাপট আরও তীব্র। দার্জিলিং ও সংলগ্ন এলাকায় রাতের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। উত্তরবঙ্গের সমতলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।

আবহাওয়া দপ্তর জানাচ্ছে, উত্তর-পশ্চিম ভারতে সক্রিয় রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। ১৫ জানুয়ারি নতুন করে আরেকটি ঝঞ্ঝা ঢোকার সম্ভাবনা। এর জেরে দিল্লি, পাঞ্জাব, চণ্ডীগড় ও হরিয়ানায় চরম শৈত্যপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। অন্য দিকে, তামিলনাড়ু, পুদুচেরি ও কারাইকল এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

সংক্রান্তি কাটলেই শীত বিদায় নয়—বরং মাঘের শুরুতেই বাংলায় ফিরছে ঠান্ডার আসল কামড়। কুয়াশা, উত্তুরে হাওয়া আর কমতে থাকা তাপমাত্রা—সব মিলিয়ে আগামী কয়েক দিন শীতপ্রেমীদের জন্য সুখবরই বলা যায়।