কলকাতা টাইমস নিউজ :নিজস্ব সংবাদদাতা :কলকাতা :১৯ নভেম্বর
ভোটার তালিকা হালনাগাদের কাজকে আরও স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করতে গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করল পশ্চিমবঙ্গের নির্বাচন দফতর। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য দেন রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক। একই সঙ্গে একটি সরকারি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়, যাতে ভোটারদের ভূমিকা, নিয়ম এবং সতর্কবার্তা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, ২৮ অক্টোবর ২০২৫-এর ভোটার তালিকা অনুযায়ী প্রায় সমস্ত ভোটারের কাছেই এনুমারেশন ফর্ম পৌঁছে দেওয়া হয়েছে। এই ফর্মই হবে ভবিষ্যতে ভোটার তালিকা সংশোধন, নতুন নাম সংযোজন বা ভুল তথ্য সংশোধনের মূল ভিত্তি।

বিজ্ঞপ্তিতে ধাপে ধাপে উল্লেখ করা হয়েছে—
🔹 ফর্মে থাকা ইউনিক কিউআর কোডসহ এনুমারেশন ফর্মে আবেদনকারীকে নিজে সই বা আঙুলের ছাপ দিতে হবে।
🔹 যদি কোথাও ভুল লেখা হয়ে থাকে, একটিমাত্র রেখা টেনে সংশোধন করতে হবে, এবং একই সারিতে ফাঁকা জায়গায় নতুন তথ্য লিখতে হবে।
🔹 অভিবাসী শ্রমিক বা যে কোনও ব্যক্তি যিনি নিজে সই করতে অক্ষম, তাঁর হয়ে পরিবারের অন্য কোনও ভোটার সই করতে পারবেন। সেই ক্ষেত্রে সই-দানকারীর নাম ও সম্পর্ক স্পষ্টভাবে লিখতে হবে।
প্রতি ভোটারকে দুটি কপি ফর্ম পূরণ করতে হবে—
এক কপি সংগ্রহ করবেন BLO, আরেক কপিতে স্বীকৃতি দিয়ে তা ফিরিয়ে দেওয়া হবে ভোটারকে। BLO-রা বাড়ি পরিদর্শনের সময় অ্যাপে ভোটারের ছবি তুলবেন।
ফর্মে ছবি লাগানো বাধ্যতামূলক নয়। যে কোনও সাম্প্রতিক ছবি ফাঁকা স্থানে লাগানো যেতে পারে।
তবে মৃত ভোটার, স্থায়ীভাবে অন্যত্র চলে যাওয়া ভোটার বা ডুপ্লিকেট নাম থাকা ভোটারের ক্ষেত্রে সঠিক তথ্য অবশ্যই BLO-কে জানাতে হবে।
BLA যদি ভোটারের হয়ে ফর্ম জমা দেয়, তবে প্রতিদিন সর্বোচ্চ ৫০টি ফর্ম জমা দেওয়া যাবে।
জমা দেওয়ার সময়ে তাদের একটি ঘোষণা-পত্রে লিখতে হবে—
ফর্মের সমস্ত তথ্য সঠিক এবং ভোটাররা তাঁদের সামনেই সই করেছেন। একই সঙ্গে BLA-র ফোন নম্বর, ঠিকানা, পার্ট নাম্বার ও সিরিয়াল নম্বর উল্লেখ করতে হবে।
ভোটার সম্পর্কিত ভুল তথ্য—বিশেষ করে মৃত্যু, স্থায়ী স্থানান্তর বা ডুপ্লিকেশন—ইচ্ছাকৃতভাবে ভুলভাবে দিলে ‘Representation of People Act, 1950’-এর ধারা ৩১ অনুযায়ী এক বছরের জেল বা জরিমানা কিংবা উভয়ই হতে পারে।
একইভাবে BLO ভুল যাচাই করলে তাঁর বিরুদ্ধেও ধারা ৩২ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
নির্বাচন দফতর জানিয়েছে—
এবার ফর্ম ডিজিটাইজড করা হচ্ছে। ফলে সব তথ্য, নথি, স্বাক্ষর ও পরিচয় ডিজিটাল রেকর্ড হিসেবে সংরক্ষিত থাকবে। কেউ ভুল তথ্য দিলে সহজেই শনাক্ত করা যাবে।
যে কোনও ভোটার যিনি ২৮ অক্টোবর ২০২৫ পর্যন্ত তালিকাভুক্ত, কিন্তু এখনও ফর্ম পাননি—
তিনি যোগাযোগ করতে পারবেন—
📞 ১৯৫০ (টোল ফ্রি)
📞 ০৩৩-২২৩১-০৮৫০ (কার্যালয় সময় ১০:৩০–৫:৩০)
📱 WhatsApp: ৯৮৩০০৭৮২৫০
📧 Email: [email protected]
নির্বাচন কমিশন জানাচ্ছে—BLO, সুপারভাইজার, AERO, ERO, DEO—এই সব পর্যায়ের আধিকারিকরাও ভোটারদের ফর্ম পূরণে সহযোগিতা করবেন।
Continue With Google
Comments (0)