কলকাতা টাইমস নিউজ : নিউজ ডেস্ক : কলকাতা :১২ জানুয়ারি ২০২৬
ভোরের আলো ফোটার আগেই কলকাতার বুকে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। সোমবার ভোরবেলা শহরের অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা রেড রোডে (Red Road) নিয়ন্ত্রণ হারিয়ে তাণ্ডব চালাল একটি মাল বোঝাই লরি। অল্পের জন্য রক্ষা পেল B. R. Ambedkar statue। প্রত্যক্ষদর্শীদের মতে, কয়েক হাত এদিক-ওদিক হলেই বড়সড় বিপর্যয় ঘটে যেতে পারত।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভোরের দিকে দ্রুত গতিতে রেড রোড ধরে যাচ্ছিল লরিটি। সেই সময় আচমকাই নিয়ন্ত্রণ হারান চালক। প্রথমে রাস্তার ধারের একটি বাতিস্তম্ভে সজোরে ধাক্কা মারে লরিটি। ধাক্কার তীব্রতায় মুহূর্তের মধ্যে ভেঙে পড়ে বাতিস্তম্ভটি। কিন্তু তাতেও থামেনি লরি—সোজা গিয়ে ধাক্কা দেয় রেড রোডের পাঁচিলে।
সেখান থেকে ছিটকে গিয়ে লরিটি এসে দাঁড়ায় বি আর অম্বেডকরের মূর্তির ঠিক সামনে। কয়েক হাতের ব্যবধানে মূর্তিটি অক্ষত থাকে। ঘটনাস্থলে থাকা মানুষজনের কথায়, “মূর্তির গায়ে লাগলে পরিস্থিতি অন্য রকম হতে পারত।”
দুর্ঘটনার কারণ নিয়ে প্রত্যক্ষদর্শীরা গুরুত্বপূর্ণ দাবি তুলেছেন। তাঁদের বক্তব্য, গঙ্গাসাগরমুখী একটি বাস হঠাৎ করে লরির সামনে চলে আসে। বাসটিকে বাঁচাতে গিয়ে চালক আচমকাই ব্রেক কষেন এবং দিক পরিবর্তনের চেষ্টা করেন। সেই সময়ই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে।
অভিযোগ, দুর্ঘটনার পর ওই বাসটি দ্রুত এলাকা ছেড়ে চলে যায়।
দুর্ঘটনার জেরে লরির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ভিতরে আটকে পড়েন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ময়দান থানার পুলিশ ও দমকল বাহিনী। দমকল কর্মীরা লরির গেট কেটে আহত চালককে উদ্ধার করেন।
গুরুতর আহত অবস্থায় তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, চালকের শরীরে একাধিক আঘাত রয়েছে, তবে আপাতত তিনি বিপন্মুক্ত।
দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য রেড রোডে যান চলাচল ব্যাহত হয়। পুলিশ দ্রুত লরিটি সরিয়ে রাস্তা স্বাভাবিক করে। ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল—চালকের গতি, বাসের ভূমিকা এবং পরিস্থিতি—সব দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
ভোরের শহরে এই ঘটনায় নতুন করে প্রশ্ন উঠছে দ্রুতগতির ভারী যান চলাচল এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। অল্পের জন্য বড় বিপদ এড়ানো গেলেও, রেড রোডের এই দুর্ঘটনা শহরবাসীর মনে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে।
Continue With Google
Comments (0)