কলকাতা টাইমস নিউজ  :নিজস্ব সংবাদদাতা :কলকাতা :২০ নভেম্বর

বিহারে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন নীতীশ: টেলি অ্যাওয়ার্ডে মুখ্যমন্ত্রী, নজরে শুভমন -আজকের দিনের ৫ বড় খবর

বিহারের রাজনীতিতে গত কয়েক দিন ধরেই জল্পনার পারদ চড়ছিল। এনডিএ-র মুখ্যমন্ত্রী কে হবেন—এই প্রশ্নে দোলাচল থাকলেও, শেষ পর্যন্ত আবারও একুশ বছরের পুরনো ভরসাতেই ফিরল জোট। নবমবারের মতো মুখ্যমন্ত্রীর আসনে বসতে চলেছেন নীতীশ কুমার। আজ, বৃহস্পতিবার গান্ধী ময়দানে শপথ নেবেন তিনি। পাশাপাশি উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন বিজেপি নেতারা—সম্রাট চৌধরি ও বিজয় সিন্‌হা।

এনডিএ সূত্রে জানা যাচ্ছে, বুধবার সকাল থেকেই জোরকদমে বৈঠক হয়েছে জোটের মধ্যে। প্রথমে জেডিইউ বিধায়করা নীতীশকে দলের নেতা নির্বাচন করেন। পরে এনডিএ বিধায়ক দলও সর্বসম্মতভাবে নীতীশের নামেই সিলমোহর দেয়। এরপর বিকেলে রাজভবনে গিয়ে রাজ্যপাল আরিফ মহম্মদ খানের কাছে সরকার গঠনের দাবি জানান নীতীশ। সব মিলিয়ে আজকের শপথ অনুষ্ঠানকে বিহারের ইতিহাসে অন্যতম উল্লেখযোগ্য রাজনৈতিক মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা।


টেলি অ্যাওয়ার্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আজ কলকাতায় ‘টেলি অ্যাওয়ার্ড’-এর মঞ্চে হাজির হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর বিধানসভা এলাকার ধনধান্য প্রেক্ষাগৃহে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দুপুরের পর থেকে অনুষ্ঠান স্থলে উপচে পড়বে দর্শক ও শিল্পী-সমাগম। বিকেল ৪.৩০-এ অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির শিল্পী, কলাকুশলী ও নতুন প্রতিভাদের সম্মান জানানো হবে আজ।


গুয়াহাটিতে দ্বিতীয় টেস্ট: শুভমনকে নিয়ে সংশয়

গুয়াহাটিতে পৌঁছেছে ভারত ও দক্ষিণ আফ্রিকা দল। শনিবার থেকে শুরু দ্বিতীয় টেস্ট। তবে সবচেয়ে বড় প্রশ্ন—শুভমন গিল খেলতে পারবেন তো? ঘাড়ে চোট থাকার কারণে তাঁর ম্যাচে নামা এখনও অনিশ্চিত। দলের চিকিৎসক ও কোচিং স্টাফ পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেবেন।

দক্ষিণ আফ্রিকা শিবিরেও চোট সমস্যা বাড়ছে। রাবাডা প্রথম টেস্টেই খেলেননি, দ্বিতীয় টেস্টে তাঁর অংশগ্রহণ নিয়েও প্রশ্নচিহ্ন। পাশাপাশি ইডেন টেস্টের অন্যতম সেরা বোলার সাইমন হারমারও চোট পেয়ে দলে ফেরার পথে অনিশ্চিত।


আইএসএল নিয়ে উদ্বেগ—আজ সুপ্রিম কোর্টে শুনানি

ভারতের সর্বোচ্চ ফুটবল লিগ আইএসএল-এর ভবিষ্যৎ অনিশ্চিত। এআইএফএফ দরপত্র আহ্বান করলেও কোনও সংস্থা এগিয়ে আসেনি। ফলে লীগ আয়োজনই বাতিল হওয়ার পথে। আজ সুপ্রিম কোর্টে এই বিষয়েই গুরুত্বপূর্ণ শুনানি হবে। ফুটবলপ্রেমীদের নজর আজ আদালতের রায়ে।


রাজ্যজুড়ে তাপমাত্রা বাড়ার পূর্বাভাস

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নতুন নিম্নচাপ। ফলে আগামী তিন দিনে রাতের তাপমাত্রা বাড়বে ২ থেকে ৩ ডিগ্রি। কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গে হালকা উষ্ণতার অনুভূতি থাকবে। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় শুক্র ও শনিবার সামান্য বৃষ্টি হতে পারে, বিশেষত দার্জিলিংয়ে।