কলকাতা টাইমস নিউজ  :নিজস্ব সংবাদদাতা : কলকাতা :১৯ ডিসেম্বর

চিংড়িঘাটা মোড়ে মেট্রোর চলমান জট কাটাতে কলকাতা হাইকোর্টের নির্দেশে গত বুধবার কেন্দ্র, রাজ্য এবং সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে মেট্রো রেল ভবনে বৈঠক হলেও কোনও সমাধান সূত্র বের হয়নি। ফলে শুক্রবার আবার মামলাটি ওঠে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে, যেখানে আদালত নতুন করে গুরুত্বপূর্ণ নির্দেশ দেয়।

শুক্রবার আদালতে রেল বিকাশ নিগম লিমিটেড (RVNL)-এর আইনজীবী জানান, কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে– ২০২৬ সালের ফেব্রুয়ারির কোনও সময়ে ট্র্যাফিক নিয়ন্ত্রণ সম্ভব হতে পারে। তবে রাজ্যের আইনজীবী পাল্টা যুক্তি দেন, “দশকের পর দশক ধরে এই প্রকল্প চলেছে। ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে RVNL-এর আপত্তি কোথায়?”

অন্যদিকে RVNL-এর পক্ষের বক্তব্য, যদি তিন দিন রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত ট্র্যাফিক নিয়ন্ত্রণে সহযোগিতা করা হয়, তাহলে চিংড়িঘাটার ৩৬৬ মিটার অংশের কাজ সম্পূর্ণ করা সম্ভব। এই অংশেই ‘অরেঞ্জ লাইন’-এর কাজ আটকে রয়েছে বহুদিন ধরে।

সমস্ত যুক্তি শোনার পর আদালতের স্পষ্ট নির্দেশ—আগামী সোমবারের মধ্যে রাজ্যকে জানাতে হবে জানুয়ারি মাসেই ট্র্যাফিক নিয়ন্ত্রণ সম্ভব কি না।রাজ্য যদি জানুয়ারিতে ট্র্যাফিক নিয়ন্ত্রণে সায় দেয়, তবে দ্রুত কাজ এগিয়ে নিয়ে মেট্রোর বাকি অংশ খুলে দেওয়া সম্ভব হবে বলে জানাচ্ছে নির্মাণকারী সংস্থা।

বর্তমানে নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রো পরিষেবা চালু থাকলেও বিমানবন্দর পর্যন্ত পরিষেবা আটকে আছে চিংড়িঘাটার এই অংশে। নির্মাণকারী RVNL-এর অভিযোগ–
মাত্র ৩৬৬ মিটার রাস্তায় প্রয়োজনীয় ট্র্যাফিক নিয়ন্ত্রণ না থাকায় বহু বছর ধরে কাজ এগোচ্ছে না।
এই কারণেই এক জনস্বার্থ মামলা দায়ের হয়, যার ভিত্তিতেই হাইকোর্ট পরপর নির্দেশ দিচ্ছে।

এখন নজর সোমবারের দিকে— রাজ্য কি জানুয়ারি থেকেই ট্র্যাফিক নিয়ন্ত্রণে সায় দেবে? নাকি আবারও আটকে থাকবে বিমানবন্দরমুখী ‘অরেঞ্জ লাইন’-এর স্বপ্ন?