কলকাতা টাইমস নিউজ  : নিউজ ডেস্ক  : কলকাতা :১৯ জুন ২০২৬ 

উত্তরবঙ্গ ও পাহাড়ে টানা বৃষ্টির জেরে একাধিক এলাকায় ধস নেমে জনজীবন ব্যাহত হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন দ্রুত পদক্ষেপ করেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, লেবং কার্ট রোড, মিরিক ব্লক-সহ পাহাড়ের বিভিন্ন এলাকায় ধস নামার খবর পাওয়া গিয়েছিল। প্রশাসনের তৎপরতায় অধিকাংশ জায়গাতেই দুপুরের মধ্যেই রাস্তা পরিষ্কার করে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করা হয়েছে।

তবে সবচেয়ে বেশি উদ্বেগের কারণ হয়ে উঠেছে দুধিয়া ব্রিজের ক্ষতি। প্রবল বর্ষণের জেরে ব্রিজের কজওয়ে ভেঙে যাওয়ায় যোগাযোগে সমস্যা তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত মেরামতের কাজ শুরু হয়েছে এবং আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যেই তা সম্পূর্ণ করার লক্ষ্য নেওয়া হয়েছে। ইতিমধ্যেই প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করা হয়েছে বলেও তিনি জানান।

উল্লেখযোগ্যভাবে, গত বছরের অক্টোবর মাসেও এই ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছিল। নতুন করে নির্মাণের কয়েক মাসের মধ্যেই ফের ক্ষতির ঘটনা সামনে আসায় নির্মাণকাজের গুণমান নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর কাজের মান এবং কোনও ধরনের অনিয়ম বা কাটমানির অভিযোগ ছিল কি না, তা খতিয়ে দেখা হবে।

মুখ্যমন্ত্রী আরও জানান, ভোর থেকেই প্রশাসনের বিভিন্ন বিভাগ সক্রিয় রয়েছে। সেচ দপ্তর, বিপর্যয় মোকাবিলা দপ্তর, জেলা প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিরা পরিস্থিতির উপর কড়া নজর রাখছেন। উত্তরবঙ্গ ও পাহাড় এলাকার উন্নয়ন এবং দুর্যোগ মোকাবিলায় অর্থের কোনও অভাব হবে না বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

এদিকে, আলিপুরদুয়ারের হাসিমারার একটি চা বাগানে বৃষ্টিজনিত দুর্ঘটনায় এক শিশুর মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। মৃত শিশুর পরিবারের হাতে আর্থিক সাহায্যও তুলে দেওয়া হয়েছে। আপাতত কোনও পর্যটক আটকে থাকার খবর নেই বলেও প্রশাসন সূত্রে জানানো হয়েছে।