কলকাতা টাইমস নিউজ  :নিজস্ব সংবাদদাতা :কলকাতা :২৪ অক্টোবর 

সুপ্রিম কোর্ট নাবালকের সম্পত্তি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ রায় দিল। বেঞ্চের নির্দেশ, ১৮ বছরের কম বয়সী সন্তানের সম্পত্তি যদি মা-বাবা বা অভিভাবক আদালতের অনুমতি ছাড়া বিক্রি করেন, তবে তা পুরোপুরি বৈধ হবে না। তবে সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার পর চাইলে পুরোনো বিক্রি বাতিল করতে পারবেন, এবং সেই জন্য আলাদা মামলা চালানোর প্রয়োজন নেই।

এই রায় ঘোষণা করেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি পঙ্কজ মিঠাল এবং প্রসন্ন বি ভারাল। বেঞ্চ জানিয়েছে, “যদি সন্তান বড় হয়ে আবার একই জমি বিক্রি করেন, তাহলে আগের বিক্রয় স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।”

ঘটনাটি ঘটেছিল কর্ণাটকের দাভানাগেরে জেলার শামানুর গ্রামে। একজন ব্যক্তি তাঁর তিন নাবালক ছেলের নামে দুটি জমি ক্রয় করেছিলেন। পরে তিনি আদালতের অনুমতি ছাড়া সেই জমি অন্যদের কাছে বিক্রি করেন।

যখন সন্তানরা বড় হন, তখন তারা ওই জমি পুনরায় বিক্রি করতে চাইলেন। কিন্তু আগের ক্রেতারা আদালতে দাবি জানিয়ে বলেন, জমি আগেই বিক্রি হয়ে গেছে।

নিম্ন আদালত সন্তানদের পক্ষে রায় দেন। পরে হাইকোর্ট এই রায় চ্যালেঞ্জ করে জানায়, যেহেতু সন্তানরা মামলা করেননি, তাই আগের বিক্রি বৈধ থাকবে।

শেষে বিষয়টি সুপ্রিম কোর্টে যায়। শীর্ষ আদালত স্পষ্ট করে বলেন, নাবালকের সম্পত্তি বিক্রি করতে হলে আদালতের অনুমতি আবশ্যক। অনুমতি ছাড়া বিক্রি হলে তা বাতিলযোগ্য। এবং সন্তান চাইলে তা নিজেই রদ করতে পারবেন, এর জন্য নতুন মামলা করার দরকার নেই।

আইন বিশেষজ্ঞদের মতে, এই রায় নাবালক শিশুদের সম্পত্তি রক্ষা করবে এবং অভিভাবকের বেআইনি লেনদেন রোধ করবে। একই সঙ্গে, প্রাপ্তবয়স্ক সন্তানদের সম্পত্তি পুনঃপ্রতিষ্ঠার অধিকার নিশ্চিত করবে।

এই রায় আইনজীবী ও সাধারণ নাগরিকদের জন্যই একটি দিকনির্দেশক হিসেবে কাজ করবে, যাতে নাবালকের সম্পত্তি সংক্রান্ত লেনদেনের ক্ষেত্রে কোনোরকম শূন্যতা বা ভুল সিদ্ধান্ত নেওয়া না যায়।