কলকাতা টাইমস নিউজ  :নিজস্ব সংবাদদাতা :কলকাতা :১৯ নভেম্বর

 

মঙ্গলবার এমনই বড় ঘোষণা করল মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিমান ওঠানামা সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। ফলে দিনের একটি বড় সময় বিমান চলাচল স্থগিত থাকতে চলায় যাত্রীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, প্রতি বছর বর্ষা মরসুমের পরে বিমানবন্দরের দুই প্রধান রানওয়েতে বার্ষিক রক্ষণাবেক্ষণের কাজ করা হয়। এই কাজের উদ্দেশ্য— নিরাপত্তা বৃদ্ধির পাশাপাশি বিশ্বমান বজায় রাখা, যাতে যেকোনো সময়ের যাত্রী চাপ সামলাতে পারে মুম্বই বিমানবন্দর।

মঙ্গলবার বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে একটি Passenger Advisory প্রকাশ করে বলা হয়—
রানওয়ের আলো, চিহ্ন, নিষ্কাশন ব্যবস্থা, প্রযুক্তিগত পরিকাঠামো— সব কিছুরই বিস্তারিত পরিদর্শন ও মেরামতির কাজ করা হবে। এর জন্য ০৯/২৭ এবং ১৪/৩২—এই দুই প্রধান রানওয়েতে একযোগে কাজ চলবে।

প্রতিদিন প্রায় ৯৫০টি বিমান ওঠানামা করে এই বিমানবন্দর থেকে। তাই আগেভাগেই ফ্লাইট সংস্থাগুলিকে পরিকল্পনার সময় দিতে এই নোটিস জারি করা হয়েছে। এ জন্য NOTAM জারি করা হয়েছে, যাতে কোনও যাত্রী অযথা সমস্যায় না পড়েন।

অন্যদিকে, বিমান পরিষেবা নিয়ে আরেকটি বড় ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আগামী ২৫ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে নাভি মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরে বাণিজ্যিক পরিষেবা। প্রথমে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত পরিষেবা চলবে এবং প্রতিদিন ২৩টি ফ্লাইট চালানো হবে। গত ৮ অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নতুন বিমানবন্দরের উদ্বোধন করেছিলেন।

যাত্রী সুবিধা, নিরাপত্তা বজায় রাখা এবং আন্তর্জাতিক মান ধরে রাখতেই এই রক্ষণাবেক্ষণ— এমনটাই জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।