কলকাতা টাইমস নিউজ :নিজস্ব সংবাদদাতা :কলকাতা :২৮ নভেম্বর
পুরীর বারোশো বছরের ঐতিহ্যবাহী জগন্নাথ মন্দির এবার আলোকিত হতে চলেছে এক নতুন প্রকল্পে। মন্দিরের সৌন্দর্য, স্থাপত্য এবং ঐতিহাসিক মহিমাকে আরও উজ্জ্বল করে তুলতে শ্রী জগন্নাথ মন্দির প্রশাসন (SJTA) হাতে নিয়েছে ‘হেরিটেজ আলোকসজ্জা প্রকল্প’। নতুন এই প্রকল্প সম্পূর্ণ হলে রাতের অন্ধকারে এমন ভাবে আলোকিত হবে মন্দির যে ১০ কিলোমিটার দূর থেকেও দেখা যাবে মন্দিরের মনোরম শ্রীবিভা।
একইসাথে SJTA জানিয়েছে—মন্দিরের গৌরবময় ইতিহাস এবং তার ধর্মীয় মর্যাদা ক্ষুণ্ণ না করেই আলো সাজানো হবে। আলো হবে নরম, স্থাপত্য-বান্ধব এবং সম্পূর্ণ আধুনিক প্রযুক্তিভিত্তিক। মন্দিরের গর্ভগৃহ ছাড়া
জগমোহন,
নাটমণ্ডপ,
ভোগমণ্ডপ,
আনন্দ বাজার,
মেঘনাদ পাচেরি,
প্রধান চারটি দরজা এবং মন্দির চত্বরে থাকা অন্যান্য ছোট মন্দিরেও লাগানো হবে উচ্চক্ষমতার LED আলো।
পাশাপসী অধিকারিকদের ভাষায়—“রাতের জগন্নাথ মন্দিরকে এমন ভাবে সাজাতে চাই যাতে ভক্তরা অন্ধকারেও তার প্রতিটি সৌন্দর্য, প্রতিটি খোদাই, প্রতিটি স্তম্ভ নতুনভাবে দেখতে পান।”
অপরদিকে SJTA-র মুখ্য প্রশাসক অরবিন্দ পাধী জানিয়েছেন— এই বিশাল প্রকল্পের জন্য প্রাথমিক খরচ ধরা হয়েছে ₹১৭.১২ কোটি। প্রয়োজনীয় অর্থের জন্য ওডিশা সরকারকে আর্থিক সহায়তা চাওয়া হয়েছে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (ASI) ইতিমধ্যে একটি বিস্তারিত প্রকল্প রিপোর্ট তৈরি করেছে এবং মন্দির প্রশাসন কমিটির বৈঠকে তা আনুষ্ঠানিক অনুমোদনও পেয়েছে।
প্রসঙ্গত এই প্রকল্প চালু হয়ে গেলে রাতের পুরী হবে আরও মোহময়
দূর থেকে দেখা যাবে আলোকিত শিখর,
মন্দিরের প্রাচীর ও স্তম্ভজুড়ে ফুটে উঠবে স্থাপত্যের সূক্ষ্ম নকশা,
পর্যটক, ভক্ত—সবাই রাতেও উপভোগ করতে পারবেন জগন্নাথ মন্দিরের অনুপম সৌন্দর্য।
মন্দির প্রশাসনের এক আধিকারিক বলেন— “এই প্রকল্প শেষ হলে রাতের পুরী ভক্তদের কাছে আরও রহস্যময়, আরও মনোমুগ্ধকর হয়ে উঠবে। জগন্নাথ দেবের মহিমা যেন অন্ধকারেও আলোর রূপে ছড়িয়ে পড়ে।”
Comments (0)